
লামা প্রতিনিধি মো:আলী হোসেন
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ আনুমানিক বিকাল ১৬০০ ঘটিকায় বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকায় জেএসএস (মূল) এর সশস্ত্র দলের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর উপস্থিতির খবর পেয়ে জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্যরা পালানোর চেষ্টাকালে সেনাবাহিনীর উপর গুলিবর্ষণ করলে উভয়পক্ষে মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে এবং জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্যরা দূরবর্তী স্কুল ঘরে অবস্থান নেয়। পরবর্তীতে, উক্ত এলাকা ঘেরাও করতঃ তল্লাশি অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী, এসময় আবারও জেএসএস (মূল) ও সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্য হ্লা মং মারমা (২৬) গুলিবিদ্ধ হয়, পরবর্তীতে তাকে বান্দরবান জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত অভিযান এলাকা হতে ০১টি এসএমজি, ০২টি এসএমজির ম্যাগাজিন, ১৪৩ রাউন্ড এসএমজি এ্যামোনিশন, ১৪ রাউন্ড পিস্তল এ্যামোনিশন, ০১টি পিস্তল পোচ, ০১টি রাউটার, ০৫ রাউন্ড এসএমজি এর খালি খোসা এবং ইন্ডিয়ান রুপিসহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়।
পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যহত থাকবে।