
শাহাবু উদ্দিন মুন্না কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ–এর গাড়িবহরের একটি গাড়ির চাপায় মো. খালেদ বিন ওয়ালিদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা বহরে থাকা একটি গাড়ি ভাঙচুর করে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালেদ বদরখালী আহমদ কবিরের ঘাটা সংলগ্ন তেচ্ছিপাড়া এলাকার প্রবাসী আমানুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এমপির গাড়ির পেছনে থাকা ৩ নম্বর গাড়ির ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাড়িবহরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নাম উল্লেখ করে বহরে থাকা এক ব্যক্তি জানান, সংসদ সদস্য আলমগীর ফরিদ নির্বাচন-পরবর্তী সফরে কুতুবদিয়া গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে বহরের একটি গাড়ি ভাঙচুর করে।
মহেশখালী থানার ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমপির গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহিতা দাবি করেছেন।