
মো: সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার, দিনাজপুর।
দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালকে সংস্কার করে দ্রুত একটি আধুনিক ও যুগোপযোগী টার্মিনালে রূপান্তর করা হবে। একই সঙ্গে শ্রমিকদের পরিবারের সদস্যদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা এবং তাদের সন্তানদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন-এর পক্ষ থেকে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোঃ আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা, যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশীদ এবং শ্রমিক নেতা আলহাজ্ব সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আব্দুল হাকিম ও রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাবেক সহসভাপতি সাইফুর রাজ চৌধুরী, বর্তমান আহ্বায়ক কমিটির অর্থ সচিব মোঃ রাশেদুজ্জামান বিপ্লব, দপ্তর সম্পাদক মোঃ খোকন, সদস্য মোঃ আফজাল হোসেন, মোঃ স্বাধীন, শ্রী উদয় চক্রবর্তী, মোঃ মজিবর রহমান মজিব, মোঃ হালিম বাবু, মোঃ সৈয়দ খালিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে তিনি সবসময় পাশে থাকবেন এবং দিনাজপুরের পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।