
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়া পৌরসভার মসজিদ পাড়া জামে মসজিদে ইফতার খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই যুবক আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা প্রায় ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের স্বজনরা জানান একই এলাকার কবীর সরদারের ছেলে ইবাদত সরদার ও আহাদ সরদার এবং ফেলু সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার ও কবীর সরদার হকিস্টিক ও লাঠিসোটা দিয়ে আমজাদ শেখের ছেলে অনিক শেখ (২৮) ও ডালিম শেখের ছেলে বাদল শেখকে উপর্যুপরি আঘাত করে মারাত্মক আহত করা হয়। এরপর স্থানীয়রা আহত অনিক ও বাদলকে দ্রুত উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। বর্তমানে তারা দু’জনই চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হয় লোহাগড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও পৌর যুবদল নেতা ইঞ্জিনিয়ার মো. রাজু আহমেদ বাপ্পি। তিনি জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং উভয় পক্ষকে বড় ধরনের সংঘর্ষ থেকে বিরত রাখা সম্ভব হয়েছে। তিনি বলেন, “আমি দুই পক্ষকে বসিয়ে স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দিয়েছি। এরপরও কেউ আইনি ব্যবস্থা নিতে চাইলে তা নিতে পারবেন।” বাপ্পি লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন।
এদিকে একটি মহল দাবি করছে, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধের জের ধরেই এ সংঘর্ষের সূত্রপাত। তাদের অভিযোগ, এক পক্ষ নড়াইল-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছেন এবং অপর পক্ষ ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীর পক্ষে সক্রিয় কাজ করেছেন। সেই রাজনৈতিক ক্ষোভ থেকেই ইফতারকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।
এ বিষয়ে জানতে ইবাদতের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এটা রাজনৈতিক কোন সংঘাত নয়। ধানের শীষের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী দুজনই ভালো মানুষ তাদের নাম নিয়ে একটি মহল অপপ্রচারের চেষ্টা চালাচ্ছে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ কর ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
শরিফুজ্জামান
নড়াইল