
লক্ষ্মীপুর প্রতিনিধি: মোঃ শাকিল হোসেন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাতে বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকার লেনদেনকে কেন্দ্র করে প্রবাসী আলমগীর হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ বিলের ৫ টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে আলমগীর হোসেন বাড়ির পাশে একটি চায়ের দোকানে গেলে খোরশেদ আলমসহ কয়েকজন মিলে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রাহায়ন কাজীমি জানান, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনায় নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।