
শাহাবু উদ্দিন মুন্না কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ সূত্র জানায়, গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং রাত ১০টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, শাহপরী ও স্টেশন টেকনাফের যৌথ উদ্যোগে বাহারছড়া এলাকার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়। আটক বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের সময় নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং ৫ জন মানব পাচারকারী দালালকে আটক করা হয়।
উদ্ধারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সিয়াম-উল-হক জানান, উদ্ধারকৃত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে এবং আটক মানব পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।