
সাহাব উদ্দীন মুন্না কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে Border Guard Bangladesh (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক রাত ২০৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় ১.৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে আঞ্জুমানপাড়া এলাকায় অবস্থান নেয়।
রাত আনুমানিক ২১০০ ঘটিকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে হাতে থাকা একটি কালো রঙের ব্যাগ ফেলে নদীপথে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগের ভেতর খাকী রঙের মোড়কে প্যাকেটজাত নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া চোরাকারবারীকে গ্রেপ্তারের লক্ষ্যে ওই এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও তাকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”