
মো: রবিউল আউয়াল ঠাকুরগাঁও( প্রতিনিধি)।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ ও নির্বাচনী তৎপরতা। দেশের অন্যান্য এলাকার মতো ঠাকুরগাঁও–২ আসনেও (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রাণীশংকৈল উপজেলার অংশবিশেষ) জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ইতোমধ্যে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নূরুন নাহার বেগমের নির্বাচনী কার্যক্রম সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছে।
এই আসনে সাতজন প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থী হওয়ায় শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নূরুন নাহার বেগম। তবে এবারের নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছে এক নতুন ও ব্যতিক্রমী মাত্রা।
প্রার্থীর ইতালিয়ান পুত্রবধূ ও ইতালির নাগরিক ফ্লাভিয়া সান্তরো সরাসরি মাঠে নেমে ভোটারদের কাছে ভোট চাইছেন। আধো আধো কণ্ঠে বাংলা ভাষায় কথা বলে তিনি তাঁর শাশুড়ির পক্ষে ‘নাঙ্গল’ প্রতীকে ভোট প্রার্থনা করছেন। বিদেশি পুত্রবধূর এমন প্রচারণা এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করেছে।
গ্রাম থেকে গ্রামে, হাট-বাজার ও অলিগলিতে প্রচারণার সময় ফ্লাভিয়া সান্তরো ভাঙা ভাঙা বাংলায় ভোটারদের উদ্দেশে বলেন, আমার মায়ের জন্য নাঙ্গল মার্কায় ভোট দেবেন।তাঁর এই সরল প্রচেষ্টা অনেক ভোটারের মন ছুঁয়ে যাচ্ছে বলে জানান স্থানীয়রা।
নির্বাচনী প্রচারণায় প্রার্থীর পরিবারের সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। মাঠে মাঠে ঘুরে ভোট চাইছেন প্রার্থীর পুত্র ব্যারিস্টার আরিফ হাসান, কন্যা ইঞ্জিনিয়ার নিলুফার ইয়াসমিন ববি এবং ব্যারিস্টার মেহবুবা অলি। তাঁরা ভোটারদের কাছে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের জন্য কাজের সুযোগ এবং নারী সমাজের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন।
হরিপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে
আজ ৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৬টা সময়
কালিগঞ্জ বাজারের আয়োজিত এক জনসভা বক্তব্যে জাতীয় পার্টির প্রার্থী নূরুন নাহার বেগম বলেন,আমি ইতালি থেকে জাতীয় পার্টির হয়ে নির্বাচন করতে এসেছি। আমাকে কেউ ঠেকাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। জনগণের ভোটই আমার শক্তি।
তিনি আরও বলেন, এলাকায় শান্তি, উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতেই তাঁর এই নির্বাচন। জনগণ পাশে থাকলে বিজয় নিশ্চিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জনসভায় স্বাগত বক্তব্যে ব্যারিস্টার আরিফ হোসেন বলেন,আমার নামের আগে ‘ব্যারিস্টার’ শব্দটি থাকায় মানুষের প্রত্যাশা অনেক বেড়ে যায়। সাধারণ মানুষ ভাবে, সব সমস্যার সমাধান ব্যারিস্টারই করবে—যেমন সব রোগের সমাধান ডাক্তার করে। আমি মানুষের সেই প্রত্যাশার জায়গা থেকে কাজ করতে চাই।
বিশেষ আলোচনায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার নিলুফার ইয়াসমিন ববি। তিনি বলেন, নারী ও তরুণ সমাজকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নই তাঁদের মূল লক্ষ্য। এছাড়াও বক্তব্য দেন বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, একজন নারী প্রার্থী এবং তাঁর পরিবারের সক্রিয় প্রচারণা এবারের নির্বাচনে আলাদা মাত্রা যোগ করেছে। বিশেষ করে বিদেশি পুত্রবধূর মাঠপর্যায়ের প্রচারণা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।