
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রবাসীর মালিকানাধীন জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, আয়না মিয়ার নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে।
ভুক্তভোগী আলাউর রহমান (২৮), পিতা–জিয়াউর রহমান, সাং–রাজানগর, ইউনিয়ন–জগদল, থানা–দিরাই, জেলা–সুনামগঞ্জ জানান, দিরাই থানাধীন জগদল ইউনিয়নের অন্তর্গত এখতিয়ারপুর মৌজার নিজ তপশিলভুক্ত জমি তাঁর প্রবাসী চাচা আমির হোসেনের মালিকানাধীন। গত ০২ ফেব্রুয়ারি ২০২৬ ইং সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে অভিযুক্তরা ওই জমিতে জোরপূর্বক প্রবেশ করে মাটি কাটতে শুরু করে।
অভিযোগে উল্লেখ করা হয়, আয়না মিয়া (৫০), রাজা মিয়া (৩২), আনহার মিয়া (৫০), টান মিয়া (৪৮) ও আব্দুল হান্নান (৫৫) সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের নেতৃত্বে জমিতে বেকু/ট্রাক্টর দিয়ে মাটি কাটা হয়। এতে বাধা দিতে গেলে ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা অবৈধভাবে মাটি কেটে নিয়ে গিয়ে পিআইসি কাজের জন্য ব্যবহার করছে। এতে জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মালিক পক্ষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় ভুক্তভোগী দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে দিরাই থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।