
মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) ॥
মঙ্গলবার দিনব্যাপী বিরলের ০৬নং ভান্ডারা ইউনিয়নের গোপালপুর, রামপুর, পাকুড়া, মানিকপাড়া, সন্ডিয়া, রামচন্দ্রপুর. বেতুড়া, ভারাডাঙ্গি, ভান্ডারা, পাগলাপীর, মৌচুষা, বালান্দোর, বুড়িরহাট গ্রামের বিভিন্ন স্থানে ইউনিয়ন বিএনপি’র আয়োজনে নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, আমরা মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। আমরা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মত মৃত্যুর পরও স্মরণীয় হয়ে থাকতে চাই। আমরা দেশে নেতৃত্ব দিয়ে বিদেশে পাড়ি জমানোর মত হীন কাজ করতে চাইনা।
তিনি আরো বলেন, আমরা ভোটের আগে যেমন ভোট কামনা করার জন্য সাধারণ মানুষের কাছে এসেছি, ভোটের পরেও এসে আপনাদের হাতে মাইক্রোফোন তুলে দিয়ে আপনাদের কথা শুনতে চাই। আপনাদের মতামত নিয়ে দেশের উন্নয়ন কাজে একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই। আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করা হলে আমার সাথে সাক্ষাতের জন্য কোনমাধ্যমের প্রয়োজন হবে না, আপনারা আমার সাথে এখনকার মতই সরাসরি কথা বলবেন। আমরা একসাথে বসে সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করবো।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে বিরল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোমিন হোসেন, সহ-সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা, ইউনিয়ন যুবদলের সভাপতি লতিফুল আলম, সাধারণ সম্পাদক মিলন হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক জামান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা আবু নাছার প্রধান, আবুল কালাম আজাদ প্রমূখ বক্তব্য রাখেন। এর আগে সকালে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিরল উপজেলা শাখার উদ্যোগে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক প্রধান অতিথি’র বক্তব্য রাখেন।