
মোঃ শফিকুল ইসলাম রাজশাহী ব্যুরোঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-০৬ (চারঘাট–বাঘা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেছেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করবে। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়া হবে যেখানে বৈষম্য দূর হবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ সম্মানিত নাগরিক হিসেবে সমান অধিকার ভোগ করবে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ নাজমুল হক আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহারে বেকার যুবক-যুবতীদের বেকার ভাতা নয়, সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করার অঙ্গীকার করেছে। যাতে তারা কাজের মাধ্যমে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে জীবনযাপন করতে পারে—ইনশাআল্লাহ।
তিনি বলেন, নিমপাড়া ইউনিয়নের কালুহাটি পাদুকা শিল্প এক সময় এই অঞ্চলের একটি সম্ভাবনাময় শিল্প ছিল। যথাযথ প্রণোদনা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করলে এ শিল্পকে পুনরায় উন্নত ও সমৃদ্ধ করা সম্ভব। জামায়াত ইসলামী নির্বাচিত হলে এই পাদুকা শিল্পকে এগিয়ে নিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে—ইনশাআল্লাহ।
তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াত ইসলামীকে বিজয়ী করার জন্য তিনি ভোটারদের সহযোগিতা কামনা করেন।
নিমপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বাঘা উপজেলার সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি সুফেল রানা, চারঘাট উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন মানিক, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এবং জামায়াত ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।
মোঃ শফিকুল ইসলাম
রাজশাহী ব্যুরো