
মোঃ শাকিল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
কুমিল্লা থেকে ভোলাগামী একটি মিনি পিক-আপে যানবাহনে অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ফেরিঘাট এলাকা থেকে ৫৫ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-৩।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-৩ এর একটি বিশেষ দল লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরীর হাট ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কুমিল্লা থেকে ভোলাগামী একটি যানবাহনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই ৩ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— আপন (৩৪) ও করিম (৪০), উভয়ের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায়।
এছাড়া অপর আটক ব্যক্তি মাছুম (১৯), তিনি গাজীপুর জেলার জয়দেবপুর এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানান, উদ্ধারকৃত গাঁজা ভোলা জেলায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ বিষয়ে র্যাব-১১, সিপিসি-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহিদ কবির বলেন,
“মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।”
র্যাব আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।