
মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর।
দিনাজপুরে নবাগত পুলিশ সুপার জেদান আল মুসার সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় দিনাজপুর পুলিশ কার্যালয়ের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন। দিনাজপুরের সাংবাদিক সমাজের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন—দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল হুদা দুলাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ ও অপর অংশের সভাপতি সাদাকাত আলী খান। এছাড়া দিনাজপুর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সুলতান মাহমুদসহ জেলার বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, পুলিশ ও সাংবাদিক সমাজ দেশের অনিয়ম, দুর্নীতি, মাদক ও সামাজিক অপরাধ দমনে সবসময়ই পরিপূরক হিসেবে কাজ করে আসছে। ভবিষ্যতেও পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখে অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা পালন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার জেদান আল মুসা সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “বিগত দিনে সাংবাদিকরা পুলিশের পাশে থেকে যেভাবে সহযোগিতা করে এসেছেন, এখানেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।”
তিনি আরও বলেন, “পুলিশ ও সাংবাদিকদের উদ্দেশ্য এক—সমাজের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও মাদক নির্মূল। দুই পক্ষ একসঙ্গে কাজ করলে জেলার অপরাধ দমন আরও সহজ হবে। তথ্যের সঠিক প্রবাহ বজায় রাখা ও দায়িত্বরত পুলিশের কাজে সহযোগিতা করতে সাংবাদিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”