
মিয়াদ হাসান
স্টাফ রিপোর্টার
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার আবাসিক দুটি হল—আল্লামা কাশগরী (রহ.) হল ও মুফতি আমীনুল ইহসান হল বন্ধের পূর্বঘোষিত সিদ্ধান্ত স্থগিত করেছে প্রশাসন। শিক্ষার্থী প্রতিনিধি দলের সঙ্গে বিস্তারিত আলোচনা, শান্তি-শৃঙ্খলা রক্ষা বিষয়ক আশ্বস্তকর মতামত ও সংশ্লিষ্ট ঝুঁকি পুনর্মূল্যায়নের পর প্রশাসন এই সিদ্ধান্ত স্থগিত করে। শনিবার (২৩ নভেম্বর ২০২৫) অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক স্বাক্ষরিত অফিসিয়াল নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, শিক্ষক, ছাত্র এবং আইন–শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে কিছু শিক্ষার্থী ব্যক্তিগত কারণে বৈধ কার্যধারা ও শান্তি-শৃঙ্খলা ব্যাহত হতে পারে বলে অভিযোগ উঠে। তবে ছাত্র প্রতিনিধিরা তা প্রত্যাখ্যান করেন এবং হল খোলা রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন। আলোচনায় স্পষ্ট হয় যে, হঠাৎ হল বন্ধ করে দিলে শিক্ষার্থীদের বাসস্থান সংকট, পরীক্ষার প্রস্তুতি বিঘ্নিত হওয়া ও একাডেমিক অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে।
এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের অনুরোধ, প্রতিনিধি দলের যুক্তি এবং সামগ্রিক বাস্তবতা বিবেচনা করে কর্তৃপক্ষ পূর্বঘোষিত হল বন্ধের সিদ্ধান্ত স্থগিত করার সিদ্ধান্ত নেয়। নোটিশে বলা হয় যে, প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সিদ্ধান্ত স্থগিত হওয়ায় আবাসিক শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই জানান, হঠাৎ হল বন্ধ হলে তারা থাকার জায়গা ও নিরাপত্তা নিয়ে চরম অসুবিধায় পড়তেন। শিক্ষার্থীরা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত।
হল প্রাঙ্গণে নোটিশটি প্রকাশের পর ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে। শিক্ষার্থীরা তাদের পড়াশোনা ও নিয়মিত কার্যক্রমে ফিরে যান। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, যেকোনো ধরনের অস্থিরতা, গুজব ও বিশৃঙ্খলা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে।
মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীরা আশা করছেন, সুষ্ঠু পরিবেশ বজায় রেখে একাডেমিক কার্যক্রম আরও সুন্দরভাবে এগিয়ে যাবে।