
মিজানুর রহমান স্টাফ রিপোর্টার।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পারোয়ারা দাখিল মাদ্রাসার সামনে রবিবার (৩ আগস্ট) বিকেলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালকসহ আরও পাঁচজন। আহতদের মধ্যে রয়েছে দেবীদ্বার শিশু পরিবারে আশ্রয়ে থাকা শিশু হোসাইনকে নিতে আসা তার পরিবারের তিন সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লাগামী ফারজানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও দেবীদ্বারগামী একটি সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক প্রবাসী নিহত হন। গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নিহত প্রবাসীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে তিনি সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে শিশু হোসাইনের পরিবারের তিন সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যানজট নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। আহতদের চিকিৎসা সহায়তা ও নিহতের পরিবারের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।