
মোঃ জজ মিয়া
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি,
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারের গচিহাটা রোডে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে এতে অন্তত দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
জানা যায়,শুক্রবার(২৪ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার পুলেরঘাট বাজারের গচিহাটা রোডে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান,বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। মরহুম জালাল উদ্দিন এর দোকান সোনালী স্টোরে প্রথমে আগুন লাগে এবং মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দুটি মনোহারি, তিনটি মোবাইল দোকান এবং একটি স্বর্ণের দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
সোনালী স্টোরের মালিক আলমগীর জানান, তার দোকানে নগদ টাকা সহ মোট ৬০ লাখ টাকার মালামাল ছিল। আরেক ব্যবসায়ী সেলিম মিয়ার দাবি তার দোকানে ২ লাখ টাকা নগদসহ অর্ধ কোটি টাকার মোবাইল ও স্টেশনারি সামগ্রী ছিল।মোট ছয়টি দোকানের প্রায় দুই কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত পাকুন্দিয়া উপজেলার ইউএনও এবং থানার ওসি ঘটনাস্থল পরিদর্শনে যান নাই, তবে পাকুন্দিয়া পুলিশ ফাঁড়ি হতে এসআই ইউসুফ ঘটনাস্থল পরিদর্শনে গেছেন বলে জানান ব্যবসায়ীরা।
পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের সাব স্টেশন কর্মকর্তা জনাব শাহজাহান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়া এবং কটিয়াদী থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভানো শুরু করেন এতে প্রায় দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।এছাড়াও আগুন লাগার বিষয়টি তদন্তাধীন আছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।