বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

দিনাজপুর বিরলে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মো:সালাম রাব্বানী স্টাফ রিপোর্টার,দিনাজপুর
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

মো:সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

দিনাজপুরের বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে তার স্থায়ী অপসারণের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক ইকরামুল হকের স্থায়ী বহিষ্কার দাবি করে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, “যৌন হয়রানির মতো গুরুতর অপরাধে অভিযুক্ত এই শিক্ষককে দ্রুত স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ছাত্রী এমন নির্যাতনের শিকার না হয়।”

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক বিদ্যালয় ও কোচিং সেন্টারে ভালো ফলাফল ও বেশি নম্বর দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ছাত্রীকে যৌন নিপীড়ন করে আসছিলেন। এ বিষয়ে পূর্বেও অভিযোগ উঠলেও তা যথাযথভাবে আমলে নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

তারা আরও জানান, অতীতে এক ছাত্রীকে অনৈতিক সম্পর্কে জড়িয়ে বিয়ে করে পরে তালাক দেন ওই শিক্ষক। তখনও তাকে সাময়িক বরখাস্ত করা হলেও পরবর্তীতে প্রভাব খাটিয়ে পুনর্বহাল হন। সর্বশেষ গত ২৯ মার্চ অনৈতিক কর্মকাণ্ডে ধরা পড়ে স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হন তিনি। এরপর পুনরায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিক্ষোভকারীরা দ্রুত অভিযুক্ত শিক্ষকের স্থায়ী চাকরিচ্যুতি, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোচিং সেন্টারে তার সম্পৃক্ততা নিষিদ্ধ করার দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

এদিকে, যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ৩১ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাকে সাময়িক বরখাস্ত করেন।

মানববন্ধনে স্থানীয় শিক্ষাবিদ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, অভিভাবক ও বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ