
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: মো. রবিউল আউয়াল।
ঘন কুয়াশার কারণে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁওগামী জোয়ানা পরিবহনের একটি যাত্রীবাহী কোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছ ও একটি চাটালের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনায় অন্তত ৯ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার বারোঢালি বাজারের ১০০ গজ পূর্বে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী পাগলু বাসকে বাঁচাতে হঠাৎ করে চালক গাড়ি অন্য পাশে ঘুরিয়ে দেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে কোচটি প্রথমে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়, পরে পাশের একটি চাটালের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার তৎপরতা চালায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কেউ গুরুতর আহত হননি এবং সবাই চিকিৎসাধীন রয়েছেন।